২৯শে সেপ্টেম্বর ২০২৪
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল এই ছবি
প্রতিনিধি মুম্বাই
দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। গতকাল মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর অভিনীত ছবি ‘দেবারা: পার্ট ওয়ান’। মুক্তির প্রথম দিনেই এই অ্যাকশনধর্মী ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। তবে ‘দেবারা’ ঝড়ও কুপোকাত করতে পারেনি ‘স্ত্রী ২’ সিনেমাকে।
ছয় বছর পর নিজের একক ছবি মুক্তি নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআর। মুক্তির প্রথম দিন বক্স অফিসের অঙ্ক দেখে মনে হচ্ছে এবার তিনি অনেকটাই চাপমুক্ত।
কোরতলা শিবা পরিচালিত এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জুনিয়র এনটিআর ছাড়া ‘দেবারা’ ছবিতে আছেন সাইফ আলী খান ও জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআর ও জাহ্নবীর জুটি এই ছবির অন্যতম মূল আকর্ষণ। ছবিতে খল চরিত্রে দেখা গেছে সাইফ আলী খানকে।

‘দেবারা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
জুনিয়র এনটিআর ও সাইফের অভিনয়ের প্রশংসা করেছেন চিত্রসমালোচকেরা। ছবির গল্পকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে সমালোচকেরা যা–ই বলুন, ছবিটি যে দর্শকের মন জয় করছে, তা বক্স অফিসের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৭৭ কোটি রুপি আয় করেছে।
হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়—এই পাঁচ ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। পাঁচটি ভাষা মিলিয়ে ৭৭ কোটি রুপি ব্যবসা করেছে অ্যাকশনধর্মী ছবিটি। তেলেগু থেকে ৬৮ কোটি ৬ লাখ, হিন্দিতে ৭ কোটি, কন্নড় সংস্করণ থেকে ৩০ লাখ, তামিল থেকে ৮০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি।










